মান্দায় শিশুকে পুড়িয়ে হত্যার অভিযোগ, সৎ মা আটক

নওগাঁর মান্দায় আরাফাত হোসেন (৬) নামে এক শিশুকে আগুন পুড়িয়ে হত্যার অভিযোগে সৎ মা সাথী আক্তারকে (২২) আটক করেছে পুলিশ।
 
রবিবার দুপুরে উপজেলার শ্রীরামপুর মধ্যপাড়া গ্রামে আগুনে পুড়ে মারা যায় আরাফাত। আরাফাত ওই গ্রামের মকলেছার রহমানের ছেলে।
 
স্থানীয়রা জানান, শিশুটির আপন মা আঙ্গুরী বিবিকে প্রায় আড়াই বছর আগে তালাক দেন মকলেছার রহমান। প্রায় এক বছর আগে শ্রীরামপুর গ্রামের মোয়াজ্জেম হোসেনের মেয়ে সাথী আক্তারকে দ্বিতীয় বিয়ে করেন মকলেছার রহমান। সৎ মায়ের সংসারেই আরাফাত বেড়ে উঠছিল।
 
আরাফাতের দাদি জাহেরা বিবি জানান, রোববার সকালে নাতি আরাফাতকে সুস্থ অবস্থায় রেখে তিনি গোবিন্দপুর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। রবিবার দুপুরে তিনি আরাফাতের মৃত্যুর সংবাদ জানতে পারেন।
 
আরাফাতের বাবা মকলেছার রহমান জানান, ঘটনার সময় তিনি উপজেলার সতীহাট বাজারের সাহাবুদ্দীনের ফার্নিচারের কারখানায় কাজ করছিলেন। প্রতিবেশি এক যুবকের মাধ্যমে ছেলের মৃত্যুর সংবাদ পান।
 
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন জানান, শিশুটিকে হত্যার পর আগুনে পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টার করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য সাথী আক্তারকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।