নাসিরউদ্দিনের একহাত নিলেন টুইঙ্কেল

নাসিরউদ্দিন শাহকে একহাত নিলেন টুইঙ্কেল খান্না। টুইটারে প্রবীণ এই অভিনেতাকে টুইঙ্কেলের পরামর্শ, 'জীবিতদের সম্মান না করতে পারেন, মৃতদের একটু শ্রদ্ধা করুন'!
 
কেন এমন ক্ষেপে গেলেন টুইঙ্কেল? বিতর্কের সূত্রপাত নাসিরের একটি মন্তব্যকে ঘিরে।
 
সম্প্রতি নাসিরউদ্দিন মন্তব্য করেন, ‘মিডিওক্রিটি ব্যাপারটা হিন্দি সিনেমায় আসে সাতের দশকে। ঠিক রাজেশ খান্না ‌যখন হিন্দি সিনেমায় আসেন সে সময়। আমার মনে হয়, রাজেশ খান্না একেবারেই একজন সাদামাটা অভিনেতা ছিলেন। বরং বলা ভালো একজন নিম্নমানের অভিনেতা ছিলেন।'
 
এক সময়ের সুপারস্টার রাজেশ খান্না সম্পর্কে মন্তব্য করতে গিয়ে এখানেই থেমে থাকেননি নাসির। বলেন, ‘সেই সময়ে স্ক্রিপ্ট, অভিনয়, গান, সুর সবেরই মান পড়ে গিয়েছিল। সেই সময়ে কোনও নায়িকাকে ভালো শাড়ি পরিয়ে কাশ্মীরে নিয়ে গিয়ে নায়কের সঙ্গে শুটিং করলেই ছবি হয়ে ‌যেত। রাজেশ ওই সময়ের অভিনেতা।'
 
নাসিরউদ্দিনের ওই মন্তব্যের পর মুখ খুললেন রাজেশ-কন্যা টুইঙ্কেল। টুইটারে তিনি নাসিরকে নিশানা করে লিখেন, ‘স্যার, কোনও জীবিত মানুষকে ‌যদি সম্মান দিতে না পারেন তা হলে মৃত ব্যক্তিকে অন্তত সেটুকু দিন! মিডিওক্রেটি হল কোনও মানুষকে আক্রমণ করা ‌যিনি বেঁচেই নেই।'