বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 'ভোটারবিহীন সরকার ভয়ংকর চক্রান্তজালে দেশকে আটকে রাখতে চাচ্ছে। নতুন নতুন কুটচাল দিয়ে অবৈধ ক্ষমতাকে ধরে রেখেছে। দেশ থেকে জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করার জন্য নীল নকশা অনুযায়ী একের পর এক ফাঁদ তৈরি করতে জ্ঞাত-অজ্ঞাত বিভীষিকা নামিয়ে আনা হয়েছে দেশব্যাপী। খালেদা জিয়া ও তারেক রহমানকে নানাভাবে হেনস্তা করা হচ্ছে।'
সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
রুহুল কবির রিজভী বলেন, এই সরকারের আন্দোলনের ফসল ১/১১ এর মঈনউদ্দন-ফখরুদ্দিনের সরকার তারেক রহমানের ওপর চালিয়েছে নিষ্ঠুর ও বর্বর নির্যাতন। এরই ধারাবাহিকতায় এখন পর্যন্ত চলছে তার ওপর নানামুখী মিথ্যা মামলা, হুমকি, মিথ্যাচার ও কুৎসা রটনা। এখন খালাস পাওয়া একটি মামলায় আদালতের কাঁধে বন্দুক রেখে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে তারেক রহমানকে।
তিনি বলেন, আসলে এই সরকার এগিয়ে চলেছে এক মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে। সেই দূরভীসন্ধিমূলক পরিকল্পনা হচ্ছে বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট থেকে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে সরিয়ে দেয়া। এজন্যই দেশব্যাপী নানা ধরণের সহিংস রক্তপাতের ঘটনা ঘটানো হচ্ছে। গুম আর বন্দুকযুদ্ধের নামে মানুষ হত্যার ভয়ংকর প্রবণতাকে টিকিয়ে রাখার পরও দেশে ভয়াবহ সন্ত্রাসের নতুন মাত্রা যোগ হয়েছে উগ্রবাদী জঙ্গিগোষ্ঠীর রক্তঝরা তাণ্ডবে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জেড এম জাহিদ হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য শাম্মী আখতার, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেন প্রমুখ।