বৈরী আবহাওয়ার কারণে বাতিল হলো ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুমের শুরুর আগে প্রথম ম্যানচেস্টার ডার্বি। সোমবার চীনের রাজধানী বেইজিংয়ে প্রাক-মৌসুমের ম্যাচে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির।
তবে প্রবল বৃষ্টির কারণে আর বল মাঠে গড়াচ্ছে না। মাঠের খেলার পাশাপাশি আরেকটা লড়াই দেখার জন্যও উন্মুখ ছিলো দুই দলের ভক্তরা।
এ ম্যাচের মাধ্যমে দ্বিতীয়বার কোন ক্লাবের হয়ে কোচ হিসেবে মুখোমুখি হওয়ার কথা ছিল ম্যানইউ’র হোসে মরিনহো ও ম্যানসিটির পেপ গার্দিওলার। এ মৌসুমেই তারা নগরপ্রতিদ্বন্দ্বী দলদুটিতে কোচ হয়ে এসেছেন। এর আগে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন মরিনহো আর বার্সেলোনার কোচ ছিলেন গার্দিওলা।
ম্যানচেস্টার ইউনাইটেড এক টুইট বার্তায় জানায়, ‘খারাপ আবহাওয়ার কারণে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে আজকের ম্যাচটি বাতিল করা হলো।’
এদিকে বেইজিংকে দুর্ভাগা বলেছেন মরিনহো। তিনি জানান, মাঠের অবস্থা খুবই খারাপ। তবে ম্যাচে হারি বা জিতি খেলাটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।