দেশের গুণী সঙ্গীতজ্ঞ নকীব খান। গানের পাশাপাশি উপস্থাপনার পরিচয়ে তাকে দেখেছেন ভক্তরা। বাংলাভিশনে ‘গান আলাপ’ শিরোনামে একটি অনুষ্ঠানে উপস্থাপনা করতেন তিনি। গানের এই অনুষ্ঠানটি বেশ জনপ্রিয়তাও পায়।
এবার আবারো সেই উপস্থাপনার চেয়ারে দেখা যাবে তাকে। ‘টিউনস অব দ্য ওয়ার্ল্ড’ শিরোনামে নতুন একটি গানের অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেছেন রেনেসাঁ ব্যান্ডের নকীব খান। অনুষ্ঠানটি প্রচার শুরু হয়েছে বৈশাখী টেলিভিশনে। নকীব খান তার নতুন অনুষ্ঠান ‘টিউনস অব দ্য ওয়ার্ল্ড’ নিয়ে বলেন, ‘ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠানটি সাজানো হয়েছে। বিভিন্ন দেশের শিল্পী আর ব্যান্ডের জনপ্রিয় গান এবং গানগুলোর পেছনের গল্প, সংশ্লিষ্ট শিল্পী অথবা ব্যান্ডের কথা নিয়ে এই অনুষ্ঠান। এসব গান, শিল্পী ও ব্যান্ডের ব্যাপারে আমার সব সময়ই জানার খুব আগ্রহ থাকে। সেই বিষয়গুলো নিয়েই অনুষ্ঠানটি সাজানো হয়েছে।’