এখনই আর্জেন্টিনার দায়িত্ব নিতে চান না পচেতিনহো

জেরার্ডো মার্টিনোর পরিবর্তিত হিসেবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের দায়িত্ব গ্রহণের বিষয়ে নিজেকে কিছুটা সরিয়ে রেখেছেন টোটেনহ্যামের কোচ মরিসিও পচেতিনহো। দলটির দায়িত্ব গ্রহণের উপযুক্ত সময় এটা নয় বলে উল্লেখ করেছেন তিনি।
 
মার্টিনো বরখাস্ত হবার পর আর্জেন্টিনা জাতীয় দলের সম্ভাব্য কোচের তালিকায় ৪৪ বছর বয়সী পচেতিনহোর নামটিও রয়েছে। কোপা আমেরিকার ফাইনালে দ্বিতীয়বারের মত চিলির কাছে হেরে শিরোপা লাভ করতে ব্যর্থ হবার পর মার্টিনোকে কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। গত মে মাসে ৫ বছরের জন্য প্রিমিয়ার লীগ ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া পচেতিনহো বলেন, হোয়াইট হার্ট লেনে তিনি বেশ সুখেই আছেন।
 
মেলবোর্নে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে অংশ নিতে যাওয়া টোটেনহ্যাম কোচ সাংবাদিকদের বলেন, ‘আর্জেন্টিনার নাগরিক হিসেবে ইংল্যান্ডের শীর্ষ একটি ক্লাবের কোচ হবার কারণে আমাকে নিয়ে প্রত্যাশা থাকতে পারে বলেই আমি মনে করি। বিষয়টি নিয়ে সংবাবাদ মাধ্যমে অনেক গুজবই থাকতে পারে। তবে বাস্তবতা হল আমি টোটেনহ্যামে ভাল আছি। এটা আর্জেন্টিনার দায়িত্ব গ্রহণের উপযুক্ত সময় নয় বলে মনে করি।’
 
মঙ্গলবার মেলবোর্নে জুভেন্টাসের মোকাবেলা করতে যাওয়া টোটেনহ্যামকে নিয়ে গত মৌসুমে দারুণ চমক দেখিয়েছেন পচেতিনহো। এ সময় তারা প্রিমিয়ার লীগের শিরোপা জয়ের লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল। কিন্তু লীগের শেষভাগে গিয়ে কয়েকটি ম্যাচে ব্যর্থ হওয়ায় লিস্টার সিটির কাছে নতী স্বীকার করতে হয়েছে স্পারদের। তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে পচেতিনহোর শিষ্যদের।
 
২০০৯ সালে এস্পানিয়লে কোচিং ক্যারিয়ার শুরু করেন প্যারিস সেন্ট জার্মেইনের (পিসজি) সাবেক এই ফুটবলার।