রিকশাচালকের সততায় মুগ্ধ সুনামগঞ্জ জেলা প্রশাসক

সুনামগঞ্জ জেলা শহরের এক রিকশাচালকের সততায় মুগ্ধ হয়ে জেলা প্রশাসক তাকে একটি নতুন রিকশা উপহার দিয়েছেন।
 
আমজাদ আলী নামের ওই  রিকশাচালক কয়েক দিন আগে তার রিকশায় ৫০ হাজার টাকার  পেয়ে ওই যাত্রীকে খুঁজে বের করে টাকাটা ফেরত দেন।  কিছুদিন পর আমজাদ আলী  একটি বাণিজ্যিক ব্যাংকের এক লাখ ২০ হাজার টাকার একটি চেক পেয়ে প্রকৃত মালিকের নিকট ফেরত দেন।
 
বিষয়টি তখন বিভিন্ন মিডিয়ায় প্রচার হয়। অনেকেই আমজাদ আলীকে প্রশংসা করেন। বর্তমান সময়ে একজন রিকশাচালকের এ ধরনের সততায় দৃষ্টি কাড়ে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের। গত রবিবার পুরস্কার হিসেবে আমজাদ আলীকে একটি  রিকশা প্রদান  করেন। 
 
এ সময় জেলা প্রশাসক বলেন, সমাজে এখনো ভালো মানুষ আছে বলে সমাজ ঠিকে আছে। আমাদের কাছে আমজাদ আলী উদাহরণ হয়ে থাকবেন। তার কাছেও অনেক শিখার আছে। জেলা প্রশাসক বাসভবনে পুরস্কার বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামান, সুনামগঞ্জ জেলা বারের সাবেক সভাপতি বজলুল মজিদ খসরুসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আমজাদ আলী রিকশাটি পেয়ে বেশ আনন্দিত।
 
আমজাদ বলেন নিজের পরিশ্রমের টাকায় আনন্দ বেশি।