ঢাকার গুলশাল হলি আর্টিজান বেকারি অ্যান্ড রেস্টুরেন্টে হামলায় জড়িত সন্দেহে কুমিল্লার মুরাদনগর থেকে মো. মিঠু নামে এক যুবককে আটক করেছে ডিএমপি।
সোমবার ঢাকা থেকে আসা ডিএমপি ও ডিবি পুলিশের একটি দল মিঠুকে আটক করে। মিঠু বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস দুলুর পরিবারের গাড়িচালক বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে মুরাদনগর উপজেলার শরমান্দা গ্রাম থেকে মিঠুকে আটক করা হয়। মিঠু ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে। দিনভর তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ শেষে সন্ধ্যায় ঢাকা গোয়েন্দা শাখার ওসি মাহবুবুর রহমানের নেতৃত্বে আসা একদল পুলিশ তাকে ঢাকায় নিয়ে যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, গুলশান হলি আর্টিজান বেকারি অ্যান্ড রেস্টুরেন্টে হামলার আগে গুলশান এলাকায় মিঠু একটি সাদা প্রাইভেটকার নিয়ে ঘুরাফেরা করছিল। সে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী রুহুল কুদ্দছ তালুকদার দুলুর পরিবারের গাড়ি চালক। সোমবার দুপুরের দিকে ডিএমপির একটি দল মিঠুকে আটক করে মুরাদনগর থানায় নিয়ে আসে। সন্ধ্যা পর্যন্ত থানায় রেখে তাকে জিজ্ঞাসাবাদের পর রাত সাড়ে ৭টার দিকে তাকে নিয়ে মুরাদনগর থেকে ঢাকার উদেশ্যে রওনা করে।
মুরাদনগর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, স্থানীয় চেয়ারম্যানসহ মিঠুর পরিবারের সদস্যদের উপস্থিতিতে থানা থেকে তাকে পুলিশ ঢাকায় নিয়ে যায়।