ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দাওগাঁও ইউনিয়নের বানার নদীর কাঠবওলা ইসলামাবাদ ব্রিজের রেলিং ভেঙে যাওয়া এবং সংযোগ সড়ক ঠিক না থাকায় ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
এরপরও পারাপার অনুপযোগী এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন শতশত যানবাহন ও পথচারী চলাচল করে। এনিয়ে ব্রিজ নির্মাণ সংস্থা এলজিইডিসহ সংশ্লিষ্ট বিভাগের কোনো মাথাব্যথা নেই বলে এলাকাবাসীর অভিযোগ।
এলাকাবাসী জানায়, এই ব্রিজটি কাঠবওলা, ইসলামাবাদ, শিবগঞ্জ, কালিবাড়ি, ঝনকা, দাওগাঁও, বটতলা, শুশুতি, কোকাডাঙ্গা, পাহাড় পাবইজান, গোদাপাড়া, কমলাপুর, খাজুয়ালীয়া, বাংলাবাজার, বালিয়াপাড়া, কাছারি বাজার, কাঠালিয়া এবং ফুলবাড়িয়া উপজেলার সংযোগস্থল।
আরো জানা গেছে, ২০০৬ সালের ২১ জানুয়ারী কাঠবওলা বাজার ব্রিজ হতে খালিয়া বিল বটতলা বাজার পর্যন্ত দৃষ্টিনন্দন প্রকল্পের আওতায় ব্রিজটি উদ্বোধন করা হয়। পরবর্তীতে এই প্রকল্পের ফলোআপ না থাকায় ব্রিজের সংস্কার কাজ হচ্ছে না বলে অনেকেই মনে করছেন। এলাকাবাসী এই ব্রিজের সংস্কার ও প্রশস্ত কারার দাবি জানান।