রাজধানী কল্যাণপুরের ৫ নম্বর রোডের জাহাজ বিল্ডিং ছিল জঙ্গিদের আস্তানা। পাঁচ তলা এই ভবনের পঞ্চম তলায় আস্তানা গড়েছিল নিহত জঙ্গিরা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ৫ম তলার ঐ বাসায় ১১ জন জঙ্গি সদস্য দীর্ঘ দিন যাবৎ বসবাস করে আসছিল। পুলিশের অভিযান টের পেয়ে দুইজন পালানোর চেষ্টা করে। এদের মধ্যে হাসান নামের এক জঙ্গিকে ঘটনাস্থল থেকে হাতে নাতে আটক করে আইনশৃঙ্খলা কর্মীরা।
জানা গেছে, চার ইউনিটের এই ভবনের দোতালায় মালিক নিজেই বসবাস করতেন। তিন তলায় অন্য ভাড়াটিয়ারা থাকতেন। চতুর্থ ও পঞ্চম তলা ব্যাচেলরদের জন্য ভাড়া দেয়া হয়েছিল। যে কক্ষ থেকে ৯ জঙ্গি নিহত হয় সেখানে ঐ ধরণের নাশকতা করার জন্য জরুরি উপকরণ পাওয়া যায়। বেশ কিছু অস্ত্রও পাওয়া যায় তাদের আস্তানায়। এ ছাড়াও রয়েছে বেশ কিছু অব্যবহৃত বোমা।
ঐ বাড়িটির আশপাশের সড়কে যান চলাচল আপাতত বন্ধ রয়েছে। সকাল ৯টা পর্যন্ত নিহত জঙ্গিদের লাশ ঐ বাড়িতেই পড়ে আছে।