বেশ কিছু দিন ধরে গ্যালাক্সি নোট ৭ নিয়ে প্রযুক্তিবিশ্বে নানা গুঞ্জন চলছে। এ গুঞ্জনের অবসান হতে পারে আগামী ২ আগস্ট। ওই দিন ফোনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে পারে স্যামসাং। এরই মধ্যে দুবাইয়ে ফোনটির আগাম ক্রয়াদেশ নেওয়া শুরু হয়েছে।
সম্প্রতি গ্যালাক্সি নোট ৭ এর একটি ভিডিও ফাঁস হয়েছে অনলাইনে। ওই ভিডিও'তে উপস্থাপিত তথ্য অনুযায়ী, ফোনটিতে আইরিশ স্ক্যানার, বাড়তি ব্যাটারি লাইফ-সহ নতুন ফিচার যুক্ত করেছে স্যামসাং। এর সোনালি রঙের একটি নতুন মডেলও ছাড়তে পারে দক্ষিণ কোরিয়ান প্রতিষ্ঠানটি।
গুঞ্জনে বলা হচ্ছে, গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোনে ৬ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে। প্রসেসর হিসেবে এতে থাকতে পারে এক্সিনোজ ৮৮৯৩ চিপসেট বা স্ন্যাপড্রাগন ৮২১ চিপসেট।
গুঞ্জনকারীদের আরও দাবি, ডিভাইসটিতে ৬ জিবি র্যাম থাকবে। পাশাপাশি আরও থাকবে ইউএসবি টাইপ-সি, ২৫৬ জিবি স্টোরেজ, পেছনে ১২ মেগাপিক্সেল ও সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনটি হবে পানিরোধী।