নিহত জঙ্গিদের নাম জানালেন গুলিবিদ্ধ হাসান

 
রাজধানীর কল্যাণপুরে সোয়াত বাহিনীর নেতৃত্বে ‘অপারেশন স্টর্ম টোয়েন্টি সিক্স’-এ নিহত জঙ্গিদের নাম জানিয়েছেন গুলিবিদ্ধ হাসান ওরফে বাইক হাসান। পুলিশ তাকে জঙ্গি হিসেবে আটক করলেও তার দাবি তিনি বাবুর্চি।
 
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হাসান জানান, অভিযানে যারা নিহত হয়েছেন তারা হলেন-রবিন, অভি, আতিক, সোহান, ইমারন, তাপস, ইকবাল,সাব্বির ও অজ্ঞাত এক যুবক। 
 
তিনি দাবি করেন, এক মাস আগে তিনি ঐ বাসায় আসেন। তিনি বাবুর্চি হিসেবে সেখানে নিয়োগপ্রাপ্ত হন। তার কাজ ছিল ঐ মেসে অবস্থানকারী নয়জনের রান্না করে দেয়া। তার বাড়ি বগুড়ার জীবননগর এলাকায়। বাবার নাম রেজাউল করিম। তিনি বগুড়ার শাহ সুলতান ডিগ্রি কলেজের শিক্ষার্থী।
 
অপরদিকে, আরেকটি সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে ছয় জঙ্গি হলেন-সাদ্দাম ওরফে রাহুল ওরফে চঞ্চল, গোলাম রব্বানি, রিয়াজুল ওরফে মেহেদি, রবিন, রাজীব ওরফে জাহাঙ্গীর ও আরিফুল।
 
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড সংলগ্ন পাঁচ নম্বর সড়কের জাহাজ বিল্ডিং নামে একটি বাসার পাঁচ তলায় জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। এ ঘটনায় বাড়ির ভেতরে থাকা ৯ জন জঙ্গি সদস্যের সবাই নিহত হয়। এছাড়া আরো একজনকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।