ডোপিংয়ের অপরাধে এবার রিও অলিম্পিক থেকে বহিষ্কৃত হলেন রাশিয়ার সাত সাঁতারু। সাঁতারের বিশ্ব সংস্থা ফিনা রাশিয়ান সাঁতারুদের অভিযোগ প্রমাণিত হওয়ায় এই শাস্তি আরোপ করেছে।
রবিবারের আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এর সিদ্ধান্তের বিপক্ষে ফিনাই প্রথম আপত্তি জানালো। সকলেরই দাবি ছিল রিও অলিম্পিক থেকে পুরো রাশিয়ান দলকেই নিষিদ্ধ করা হোক। তবে নির্দিষ্ট কিছু ফেডারেশনের ওপর তাদের দায়িত্ব ছেড়ে দেয়া হয়েছিল। ২০১২ সালে লন্ডন অলিম্পিকে ৪ গুনিতক ১০০ মিটার ফ্রিস্টাইলে ব্রোঞ্জ পদক প্রাপ্ত ভ্লাদিমির মোরোজোভ ও নিকিতা রোবিনসেভ ছাড়াও সাতজনের তালিকায় আরো আছেন লন্ডনে ব্রোঞ্জ পদক প্রাপ্ত ইউলিয়া এফিমোভা।
এক বিবৃতিতে ফিনার পক্ষ থেকে বলা হয়েছে, সবুজ সঙ্কেত পাওয়া রাশিয়ান অ্যাথলেটদের অলিম্পিকে অংশগ্রহণের ব্যাপারে আইওসির সিদ্ধান্তের প্রতি ফিনার সমর্থন রয়েছে। ওয়াডার আইনানুযায়ী রাশিয়ার ওপর ওয়াডা কোড যথাযথ ভাবে প্রয়োগ করা হয়নি। রাশিয়ান সাঁতার ফেডারেশনের পক্ষ থেকে বিষয়টির স্পষ্ট ব্যাখ্যা এখনো দেয়া হয়নি। এই কারণেই বিষয়টি এড হক কমিশনের কাছে পেশ করা হয়েছে যাদের নিয়ে আবারো নতুন করে তদন্ত শুরু হবে। এই সময়ের মধ্যে সাতজন সাঁতারুকে রিওতে খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে ফিনা। তারা আরো জানিয়েছে ২০১৫ সালে কাজানে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সংগৃহীত রাশিয়ান অ্যাথলেটদের নমুনা আবারো পরীক্ষা করা হোক। বাসস।