‌‘কল্যাণপুরে নিহত ও গুলশান হামলার জঙ্গিরা একই গ্রুপের’

 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, কল্যাণপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নিহত নয় জঙ্গি ও গুলশান হামলার জড়িত জঙ্গিরা একই গ্রুপের বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস বিফ্রিংয়ে তিনি এসব কথা বলেন।
 
আছাদুজ্জামান মিয়া বলেন, কল্যাণপুরে স্টর্ম টোয়েন্টি সিক্স অভিযানে নিহত নয় জঙ্গি উচ্চশিক্ষিত। তাদের চেহারা অবয়ব কথা বার্তা পর্যবেক্ষণ করে এটি ধারণা করা হচ্ছে। পুলিশের শতভাগ সফল অভিযানে এই জঙ্গি দমন করা সম্ভব হয়েছে। 
 
তিনি বলেন, ঘটনাস্থলে থেকে চারটি পিস্তল, ১৩টি স্থানীয়ভাবে তৈরি তাজা গ্রেনেড, ৫ কেজি পাওয়ার জেল বিস্ফোরক, ১৯টি ডেটোনেটর, পিস্তলের ২২ রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন, ছয়টি চাকু, একটি তলোয়ার, আরবিতে আল্লাহু আকবার লেখা দুইটি কালো পতাকা ও চার সেট কালো পোশাক উদ্ধার করা হয়েছে। 
 
ডিএমপি কমিশনার বলেন, এই ঘটনায় অভিযান চলাকালে একজন জঙ্গি পালিয়ে গেছে। গুলিবিদ্ধ অবস্থায় জঙ্গি হাসানকে আটক করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 
 
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গিরা কোন গোষ্ঠীর তা তদন্ত করা হচ্ছে। তবে গুলশানে জঙ্গিদের সঙ্গে তাদের মিল রয়েছে। নিহত জঙ্গিদের সকলে বয়স ২০-২৫ বছরের  মধ্যে। তাদের এখনো নাম পরিচয় পাওয়া যায়নি।