জেবি বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় দিনেই ডার্বি ম্যাচে জয় পায়নি কোনো আবাহনীই। সোমবার সকালের বৃষ্টি আর মেঘলা আকাশকে উপেক্ষা করে দুই আবাহনীর লড়াই দেখতে এম এ আজিজ স্টেডিয়ামে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। ঢাকা আবাহনী এবং চট্টগ্রাম আবাহনীর লড়াইয়ে কেউ জেতেনি। ১-১ গোলের সমতায় শেষ হয়েছে ম্যাচটি।
মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপের ফাইনালে ঢাকা আবাহনীকে হারিয়ে শিরোপা জিতেছিল চট্টগ্রাম আবাহনী। এবার তাদেরকে ঘরের মাঠে হারিয়ে মধুর প্রতিশোধ নেওয়ার বড় সুযোগই তৈরি হয়েছিল জর্জ কোটানের দলের সামনে। ম্যাচের ১৭ মিনিটে সানডে চিজোবার গোলে এগিয়ে গিয়েছিল ঢাকা আবাহনী। কিন্তু দ্বিতীয়ার্ধে গোল হজম করে আর প্রতিশোধ নেওয়া হয়নি ফেডারেশন কাপ চ্যাম্পিয়নদের।
১-০ গোলে পিছিয়ে পড়ে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠেছিল চট্টগ্রাম আবাহনী। ৭৭ মিনিটে সফলতা পায় দলটি। মামুনুলের নেওয়া কর্ণাক কিক থেকে বল জালে জড়ান রুবেল মিয়া। বাকি ১৩ মিনিটে আর কোন গোল না হলে লিগের প্রথম ডার্বিতে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুই দল।