দুবাইয়ে আন্তর্জাতিক দাবায় এককভাবে শীর্ষে ফাহাদ

দুবাইয়ে ১৪তম দুবাই জুনিয়র্স দাবা প্রতিযোগিতার সপ্তম রাউন্ড শেষে ৭ খেলায় ৬.৫ পয়েন্ট নিয়ে এককভাবে শীর্ষে রয়েছেন ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।
রবিবার সপ্তম রাউন্ডে ফাহাদ হারিয়েছেন এ আসরের দ্বিতীয় শীর্ষবাছাই ভারতের রাহুল শ্রীবাস্তব (রেটিং-২২৭৩)কে।
 
তবে সোমবার অষ্টম রাউন্ডে ড্র করেছেন এই ফিদে মাস্টার। এখনও শীর্ষেই ফাহাদ। মাহিন্দ্রা কমভিভার পৃষ্ঠপোষকতায় এ টুর্নামেন্ট অংশগ্রহণ করা ফাহাদ ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছেন। শেষ রাউন্ডে ফাহাদের প্রতিপক্ষ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের আল হোসানি ওমরান।
 
মোট নয় রাউন্ডের সুইস ওপেনের এই টুর্নামেন্টে সপ্তম রাউন্ডে ভারতের রাহুল শ্রীবাস্তবকে হারিয়ে ফাহাদ শীর্ষস্থান দখল করেন। চ্যাম্পিয়ন দাঁবাড়ু পাবেন ২ হাজার ডলার ও শেখ মাকতুম বিন হামদান আল মাকতুম কাপ।
 
দুবাই চেস অ্যান্ড কালচার ক্লাবে ১৯ জুলাই থেকে শুরু হয়ে ২৭ জুলাই পর্যন্ত চলবে এ টুর্নামেন্ট। ১০ হাজার ডলার মূল্যমানের এ টুর্নামেন্টে ১২টি দেশের মোট ১১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে।