রিও গেমসে অংশগ্রহণে নিষেধাজ্ঞার ব্যপারে প্রথম এ্যাথলেট হিসেবে আপিলের সিদ্ধান্ত নিয়েছেন রাশিয়ান সাঁতারু ইউলিয়া এফিমোভা। আসন্ন রিও গেমসে ডোপিংয়ের দায়ে এ পর্যন্ত সর্বমোট ১৩জন রাশিয়ান এ্যাথলেটকে নিষিদ্ধ করো হয়েছে। এর মধ্যে সাতজন সাঁতারু, দুইজন ভারোত্তোলোক, একজন রেসলার ও তিনজন রোয়ার রয়েছেন।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ইতিহাসে এবারই প্রথমবারের মত স্ব স্ব ফেডারেশনকে এসব ডোপপাপী এ্যাথলেটদের বিপক্ষে সিদ্ধান্ত গ্রহণের চূড়ান্ত ক্ষমতা দেয়া হয়েছে। বিশেষ করে ওয়াডা তদন্ত কমিটির সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠায় ফেডারেশনগুলোও গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নিতে বিব্রত বোধ করছে। রাশিয়ার বিষয়টিতে যেহেতু সরকার জড়িত হয়ে পড়েছে তাই ওয়াডাও বিষয়টি নিয়ে খুব একটা সুখকর অবস্থায় নেই। এই ইস্যুতে বিশ্ব ক্রীড়াঙ্গনে বিভাজন সৃষ্টি হয়েছে।
ইতোমধ্যেই বিশ্ব সাঁতারের নিয়ন্তা সংস্থা ফিনা সাত রাশিয়ান সাঁতারুকে রিও অলিম্পিক থেকে নিষিদ্ধ ঘোষণা করেছে। সাতজনের মধ্যে অন্যতম হলেন ২০১২ লন্ডন অলিম্পিকে ব্রেস্টস্ট্রোকে ব্রোঞ্জ পদক প্রাপ্ত ২৪ বছর বয়সী এফিমোভা। বিশ্ব চ্যাম্পিয়নশীপে তিনি চারবার চ্যাম্পিয়ন হবার কৃতিত্ব দেখিয়েছেন। প্রাথমিক ভাবে গত মে মাসে ফিনা তার বিষয়টি নিয়ে নেতিবাচক ছিল। তখনই তাকে প্রথমবারের মত সাময়িক বহিষ্কার করা হয়। পরবর্তীতে বিষয়টি তদন্ত করার জন্য ওয়াডার স্মরণাপন্ন হতে হয়।