জঙ্গিবাদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান মেননের

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে দেশব্যাপী গণপ্রতিরোধ গড়ে তুলতে ও গণসচেতনতা বাড়াতে সভা-সমাবেশ মানববন্ধন, গণসংগীত, নাটক, গান, কবিতাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি পালন করবে।
 
মঙ্গলবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পার্টির সভাপতি ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এই কর্মসূচি পালনে সকলের প্রতি আহ্বান জানান।
 
পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, আগামী ২ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে জঙ্গিবাদ ও সাম্রাজ্যবাদ-বিরোধী সমাবেশ ও র‌্যালি, ৬ আগস্ট প্রতিটি জেলা শহরে পার্টির উদ্যোগে জঙ্গিবাদ-সাম্রাজ্যবাদ-বিরোধী সমাবেশ ও র‌্যালি, ১৪ দল ঘোষিত জঙ্গিবাদ-বিরোধী সকল কর্মসূচিতে পার্টির অংশগ্রহণ, ১৭ আগস্ট রাশেদ খান মেনন হত্যাচেষ্টা দিবসে দেশব্যাপী সন্ত্রাস বিরোধী দিবস পালন, ২০ আগস্ট-৩০ সেপ্টেম্বরের মধ্যে জঙ্গিবাদ বিরোধী সাংস্কৃতিক কর্মসূচি। ৭ বিভাগে দিনব্যাপী জঙ্গিবাদ-বিরোধী গণসংগীত, নাটক, গান, কবিতা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কৃষক-খেতমজুর-শ্রমিক, নারী, যুব, ছাত্র গণসংগঠন সমূহের উদ্যোগে ধারাবাহিক জঙ্গিবাদ-বিরোধী কনভেনশন অনুষ্ঠানের কর্মসূচি ঘোষণা করা হয়।
 
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন পলিটব্যুরো সদস্য বিমল বিশ্বাস, নুরুল হাসান, মাহমুদুল হাসান মানিক, নুর আহমদ বকুল, ইকবাল কবির জাহিদ, কামরুল আহসান, আমিনুল ইসলাম গোলাপ প্রমুখ।
 
সংবাদ সম্মেলনে মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বাংলাদেশে কোন আইএস নেই। তবে জেএমবিসহ বিভিন্ন গোপন জঙ্গি সংগঠন সন্ত্রাসী কাজ করছে। আইএস কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিরাও এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। বাংলাদেশে সম্প্রতি ঘটিত বিভিন্ন জঙ্গি আক্রমণের দায়ও স্বীকার করছে এই সংগঠনটি। গুলশান হলি আর্টিজানে যে নৃশংস হত্যাযজ্ঞ হলো তা গোটা বিশ্বকে বাকরুদ্ধ করেছে। শোলাকিয়ায় ঈদের জামাতে আক্রমণ বাংলাদেশের হাজার বছরের ঐতিহ্য নষ্ট করেছে।