ভেজাল সার বিক্রি করায় শ্রীপুরে সার ব্যবসায়ীকে জরিমানা

ভেজাল সার ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি অভিযোগে মঙ্গলবার দুপুরে মাগুরার শ্রীপুর উপজেলার খামারপাড়া বাজারের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের সাজা দেয়া দিয়েছে ভ্রাম্যমান আদালত।
 
জানা যায়, উপজেলার বরিশাট গ্রামের বাসিন্দা ও খামারপাড়া বাজারের সার ও কীটনাশক ব্যবসায়ী রাজীব মোল্লা দীর্ঘদিন ধরে এলাকার ভেজাল সার, নকল ও মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি করে কৃষকদের সঙ্গে প্রতারণা করে আসছিল।
 
এ অভিযোগে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ রিজাউল ইসলামের সহযোগিতায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলমের নেতৃত্বে খামারপাড়া বাজারের ওই দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রাজীব মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দু’মাসের সাজা প্রদান করা হয়।