বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের তৃতীয় দিনের প্রথম খেলায় ১-১ গোলে ড্র করেছে ব্রাদার্স ইউনিয়ন ও ফেনী সকার। মঙ্গলবার চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে দুই দল পয়েন্ট ভাগাভাগি করে।
এদিন খেলার চতুর্থ মিনিটে সুশান্ত ত্রিপুরার সুযোগসন্ধানী গোলে এগিয়ে যায় ফেনী সকার। খেলা সবেমাত্র শুরু হয়েছে এখনও তেমন কোনও আক্রমণ হয়নি ভেবে নিজের পজিশন ছেড়ে বক্সের মাঝামাঝি স্থানে দাঁড়িয়ে ছিলেন ব্রাদার্স গোলরক্ষক উত্তম বড়ুয়া। মিডফিল্ডার সুশান্ত তার অবস্থান দেখে ২৫ গজ দূর থেকে বাঁকানো শট নেন। সেই বল বাতাসে ভেসে উত্তমকে পরাস্ত করে আছড়ে পড়ে জালে।
অবশ্য ২৭ মিনিটে সমতা আনে ব্রাদার্স। হাইতিয়ান স্ট্রাইকার অগাস্টিন ওয়ালসন খেলায় ফেরান দলকে। ব্রাদার্স অধিনায়ক ইবায়েদ হোসেন কমল ছিলেন আক্রমণের উৎস। তার মাপা লব নিয়ন্ত্রণে নিয়ে ডিফেন্স ভেদ করেন ওয়ালসন। সকার গোলরক্ষক ওসমান গণি বেরিয়ে এসেছিলেন বল রুখতে কিন্তু ওয়ালসন তাকেও কাটিয়ে নিয়ে বল ঠেলে দেন ফাঁকা জালে।
দ্বিতীয়ার্ধে দুই দল একাধিক আক্রমণ করেও পায়নি গোলের দেখা। তাই শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।