নজরুলসংগীত সম্রাজ্ঞী ফিরোজা বেগমের স্মৃতি ধরে রাখতে তার নামে পদক প্রবর্তন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের আবদুল্লাহ ফারুক সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়। প্রথমবারের মতো এ পদক পাচ্ছেন কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগ থেকে ফিরোজা বেগমের জন্মদিন ২৮ জুলাই বিকেল ৪টায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে সাবিনা ইয়াসমিনের হাতে পুরস্কার তুলে দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। এ ছাড়া ফিরোজা বেগম ফাউন্ডেশনের মাধ্যমে ঢাবির সংগীত বিভাগের একজন মেধাবী শিক্ষার্থীকে প্রতি বছর স্বর্ণপদক ও বৃত্তি দেয়া হবে।
IMG0
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) নাসরীন আহমাদ, ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ডের প্রবর্তক ও এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান এম আনিস-উদ-দৌলা, ঢাবির কলা অনুষদের ডিন বেগম আকতার কামাল, সংগীত বিভাগের চেয়ারপারসন লীনা তাপসী খান, আসাফ-উদ-দৌলা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মসিহ-উদ-দৌলা, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ফিরোজা বেগমের ছেলে সংগীতশিল্পী শাফিন আহমেদ ও তার ভাইয়ের মেয়ে নজরুলসংগীত শিল্পী সুস্মিতা আনিসসহ ফিরোজা বেগমের পরিবারের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা।