ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপের ম্যাচে এবার আর ভুল করেনি ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহামের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে তুরিনের ওল্ড লেডি।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচের ষষ্ঠ মিনিটে লিড নেয় ইতালিয়ানরা। লিওনেল মেসির উত্তরসূরি ভাবা ২২ বছর বয়সী পাওলো দিবালার গোলে এগিয়ে যায় ইতালিয়ান ক্লাবটি। ম্যাচের ১৪ মিনিটে দলের আরেক তারকা মরোক্কোর ২৯ বছর বয়সী ডিফেন্ডার বেনেশিয়া জুভিদের ব্যবধান বাড়াতে গোল করেন। প্রথমার্ধে ২-০ গোলের লিড ধরে রেখেই বিরতিতে যায় জুভেন্টাস।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে হট স্পারসরা। ম্যাচের ৬৭ মিনিটের মাথায় দলের হয়ে গোল করেন এরিক লামেলা। ২৪ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের গোলের পর আর কেউ টটেনহামের হয়ে জুভিদের জালে বল জড়াতে পারেননি। ফলে, ২-১ গোলের ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় ইংলিশ দলটিকে।