পাঁচ ও ছয় হাজার এমএএইচের দুটো ফোন উন্মোচন জিওনির

ম্যারাথন এম৬ ও ম্যারাথন এম৬ প্লাস নামে নতুন দুই স্মার্টফোন উন্মোচন করেছে চীনভিত্তিক স্মার্টফোন নির্মাতা জিওনি। দুটো ফোনে থাকছে বেশি ক্ষমতাসম্পন্ন ব্যাটারি।
 
জিওনি ম্যারাথন এম৬ স্মার্টফোনে ৫০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি এবং ম্যারাথন এম৬ প্লাস স্মার্টফোনে ৬০২০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
 
ম্যারাথন এম৬ স্মার্টফোনটিতে আছে ৯ভি/২এ ডুয়াল চার্জ চিপ, যা দ্রুত, নিরাপদ ও কোনো ধরনের উত্তপ্ত হওয়া ছাড়াই ব্যাটারি চার্জে সক্ষম। পাশাপাশি এ ডিভাইস অন্য ডিভাইস চার্জের জন্য পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করা যাবে। এতে ১০৮০–১৯২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ দশমিক ৫ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড্রয়েড মার্শম্যালো অপারেটিং সিস্টেমভিত্তিক এ স্মার্টফোনে অক্টা-কোর মিডিয়াটেক প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে ৪ গিগাবাইট র‍্যাম আছে।
 
ম্যারাথন এম৬ প্লাসে ব্যবহার করা হয়েছে ৬ ইঞ্চি ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে।
 
চীনে ম্যারাথন এম৬ বিক্রি শুরু হবে আগস্টের ৬ তারিখ থেকে। এর ৬৪ ও ১২৮ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণ সুবিধার সংস্করণের মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৪০৫ ও ৪৩৫ ডলার। অন্যদিকে ম্যারাথন এম৬ প্লাস স্থানীয় বাজারে বিক্রি শুরু হবে ১৩ আগস্ট থেকে। ডিভাইসটি ৬৪ ও ১২৮ গিগাবাইট সংস্করণের মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৪৫০ ও ৪৭৮ ডলার।