সরকারি ও বেসরকারি বিনিয়োগ বাড়ানোর মধ্য দিয়ে কর্মসংস্থান বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের চতুর্থ সভায় তিনি এসব কথা বলেন।
সভাশেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, যে অঞ্চলে যে পণ্য ভাল হয়, সে অঞ্চলে সেই ধরনের শিল্প গড়ে তুলতে হবে। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল (বিবিআইন) এবং বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার (বিসিআইএম) জোটের কথা তুলে ধরে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, পরিকল্পনা মন্ত্রী আহম মোস্তফা কামাল, বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির প্রমুখ উপস্থিত ছিলেন।