যুক্তরাজ্যে খ্রিস্টানদের সতর্ক থাকার পরামর্শ পুলিশের

 
ফ্রান্সে ধর্মযাজককে হত্যা এবং আইএস কর্তৃক দায় স্বীকার পর নিজে দেশের ধর্মযাজক ও খ্রিস্টান সম্প্রদায়কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। দেশটিতে একই রকম হামলা হওয়ার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য না থাকলেও পুলিশ আগেভাগেই সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
 
ব্রিটিশ পুলিশের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশনার নেইল বসুকে উদ্বৃত্ত করে স্কাই নিউজ জানায়, যুক্তরাজ্যে খ্রিস্টান সম্প্রদায়ের ওপর হামলা হওয়ার সুনির্দিষ্ট কোন গোয়েন্দা তথ্য নেই। তার পরও আমরা দেখেছি পশ্চিমা দেশগুলো ও অন্যান্য স্থানে খ্রিস্টান, ইহুদি ও অন্য ধর্মে বিশ্বাসীদের টার্গেটে পরিণত করছে আইএস ও অন্য সন্ত্রাসী গ্রুপ। ফ্রান্সের সাম্প্রতিক ঘটনাগুলোর পর আমরা আবারো চার্চে নিরাপত্তামূলক ব্যবস্থা নেয়ার পরামর্শ দিচ্ছি। আগেভাগে সতর্ক থাকার জন্য এই পরামর্শ।
 
ওদিকে ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী থেরেসা মে ফ্রান্সে হামলার নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, যারা আক্রান্ত হয়েছেন তাদের সবার প্রতি আমাদের প্রার্থনা থাকবে। আমরা সবাই সন্ত্রাসের হুমকিতে রয়েছি। যদি আন্তর্জাতিক হুমকির দিক থেকে আপনি যুক্তরাজ্যের দিকে তাকান তাহলে এ হুমকি বড় ধরনের। এর অর্থ হলো যুক্তরাজ্যেও বড় ধরনের সন্ত্রাসী হামলা হতে পারে। এ জন্য আমাদের সবাইকে এক সঙ্গে কাজ করা জরুরি। স্কাই নিউজ।