ফিলিস্তিনিদের বাড়ির ওপর সোমবার দিবাগত রাতভর হামলা চালিয়েছে ইসরাইলের নিরাপত্তা বাহিনীর যানবাহন। বুলডোজারের সাহায্যে জেরুজালেমের উপকণ্ঠে কালানদিয়া এলাকায় ১১টি বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরাইল।
ইসরাইল কর্তৃপক্ষ দাবি করছে ঔ এলাকায় ভবন নির্মাণের অনুমতি দেয়া হয় নি তাদেরকে। এ বিষয়ে ইসরাইল কর্তৃপক্ষের জবাব চাইলে কোন সাড়া দেয়নি তারা। রিপোর্টে বলা হয়েছে, যে সব বাড়ি ভেঙে দেয়া হয়েছে তার মধ্যে ২টি বাড়ি পশ্চিমতীরে, ৯টি পূর্ব জেরুজালেমে। পূর্ব জেরুজালেমে যে দুটি বাড়ি ধ্বংস করা হয়েছে তাতে মানুষ বসবাস করতো।
ইসরাইল এই ধ্বংসযজ্ঞ চালানোর সময় সেখানে সংঘর্ষ দেখা দেয় স্থানীয়দের সঙ্গে। এতে বেশ কিছু ফিলিস্তিনি আহত হন। ধ্বংস করা হয়েছে এমন একটি দোতলা ভবনে বসবাস করতেন গৃহহীন ৪৪ জন মানুষ। এর মধ্যে ছিল ১১টি শিশু।
এদিকে পশ্চিমতীরে মঙ্গলবার ইসরাইলি সৈন্যদের সাথে 'বন্দুকযুদ্ধে' এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। নিহত ব্যক্তি ইসরাইলি নাগরিক রাব্বিকে হত্যার ঘটনায় সে অভিযুক্ত ছিল।
ইসরাইলি সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, 'মঙ্গলবার রাতে ইসরাইলি সৈন্যদের সাথে বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত হয়। গত পহেলা জুলাইয়ের যে হামলায় রাব্বি মিশেল মার্ক নিহত হয় সেই হামলার ঘটনায় এ সন্ত্রাসী জড়িত ছিল।' বাসস ও মিডেলইস্ট আই।