গাজীপুরে দুটি পশু খাদ্য তৈরি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে পৌণে দুই লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে। এ সময় প্রায় ৩৩ হাজার কেজি ভেজাল পশু খাদ্য ধ্বংস করা হয়েছে।
বুধবার গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফ উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।
গাজীপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. জহিরুল ইসলাম জানান, সকালে সদর উপজেলার মেম্বারবাড়ি এলাকায় আশা এগ্রো লিমিটেড নামের একটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় ওই কারখানায় মেয়াদ উত্তীর্ণ পশু খাদ্য রাখার দায়ে এক লাখ টাকা অর্থদণ্ড আদায় এবং ৩৩ টন ভেজাল পশু খাদ্য ধ্বংস করে দেয়া হয়। পরে পার্শ্ববর্তী নলজানি গ্রামে বাংলাদেশ কৃষি ফিড লিমিটেড নামের অপর একটি পশু খাদ্য তৈরি কারখানায় অভিযান পরিচালনা করা হয়। পশু খাদ্য উৎপাদনে প্রাণী সম্পদ অধিদফতরের অনুমোদন না থাকা এবং খাদ্যের মাননিয়ন্ত্রণ ল্যাবরেটরি না থাকায় ওই কারখানাকে ৭৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। একই সঙ্গে দুটি কারখানার উৎপাদনও বন্ধ করে দেয়া হয়।