কেবল আইন প্রয়োগের মাধ্যমে জঙ্গিবাদ প্রতিরোধ সম্ভব নয়: শিক্ষামন্ত্রী

 
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আলেম-ওলামা, ঈমাম-মোয়াজ্জিনরা সমাজের নেতা হিসেবে সন্ত্রাস ও জঙ্গি তত্পরতা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।
 
বুধবার ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউটশন মিলনায়তনে সন্ত্রাসবাদ প্রতিরোধে আলেমদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইসলামি-আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ১ হাজার ৩০০ ফাজিল-কামিল মাদরাসার অধ্যক্ষরা এ আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
 
শিক্ষামন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, কেবল আইন প্রয়োগের মাধ্যমে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সমাজের সর্বস্তরে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি। আলেম-ওলামা, পীর-মাশায়েখগণ বিভিন্ন অনুষ্ঠানে ওয়াজ-নসিয়ত ও বক্তৃতার মাধ্যমে শান্তির ধর্ম ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরে জনসচেতনতা সৃষ্টিতে ভূমিকা রাখতে পারেন।