রাজধানীর গুলশানে যৌথবাহিনীর অভিযানে নিহত জঙ্গি নিব্রাস ইসলাম ও কল্যাণপুরে ‘জঙ্গি আস্তানায়’ গোলাগুলিতে নিহত মার্কিন পাসপোর্টধারী জঙ্গি সেজাদ রউফ মরক্কো ওরফে অর্ক ঘনিষ্ঠ বন্ধু ছিল।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।
সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত কল্যাণপুরে জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। এদের মধ্যে এখন পর্যন্ত তিনজনের পরিচয় পাওয়া গেছে। অর্ক ওই ৩ জনের মধ্যে একজন। র্যাবের নিখোঁজের তালিকায় তার নাম দুই নম্বরে রয়েছে। অর্ক মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী।
মাসুদুর রহমান জানান, সেজাদ রউফ মরক্কো নর্থ সাউথ বিশ্বিবদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী। গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় যৌথবাহিনীর অভিযানে নিহত নিব্রাসের ঘনিষ্ঠ বন্ধু ছিল অর্ক। অর্ক দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিলেন। তার বাসা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় (বাসা -৩০৪, রোড -১০, ব্লক-সি)। বাবার নাম তৌহিদ রউফ। ভাটারা থানায় নিখোঁজের ব্যাপারে একটি জিডি করে তার পরিবার। জিডি নম্বর-৩৯২।
উল্লেখ্য, গত ১ জুলাই রাত পৌনে ৯টার দিকে গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় ঢুকে বেশ কয়েকজনকে জিম্মি করে জঙ্গিরা। পরদিন সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযানে ছয় জঙ্গি নিহত হয়, যাদের একজন নিব্রাস। ঘটনাস্থল থেকে ২০ জিম্মির লাশ উদ্ধার হয়, যাদের অধিকাংশই ছিলেন বিদেশি।