কোচ সেইন্টফিটের সঙ্গে বাফুফের চুক্তি সম্পাদন স্থগিত

বেলজিয়ান কোচ সেইন্টফিটের সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) চুক্তি স্বাক্ষর স্থগিত করা হয়েছে। কোচের অসুস্থতার কারণে পূর্ব নির্ধারিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে বাফুফে। 
 
এদিকে অসুস্থতা নয় আফ্রিকান দেশ নাইজেরিয়ার কোচ হবার সুযোগে পেয়েই মিথ্যা অজুহাত দেখিয়ে বাফুফের সঙ্গে চুক্তি স্বাক্ষরের বিষয়টি সেইন্টফিট এড়িয়ে গেছেন বলে জানা গেছে। স্থানীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে বিষয়টি পরিষ্কার হয়ে গেছে।  কয়েক দিন আগেই নাইজেরিয়ার কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ফরাসি পল লে গুয়েন। কিন্তু গুয়েনের নানা শর্ত নাইজেরিয়া ফুটবল ফেডারেশনের মনপুত: হচ্ছে না। তারা একজন ফুলটাইম কোচ চাইলেও তাদের ওই শর্ত মানতে রাজি হননি পল লে গুয়েন। এসব কারণেই নাইজেরিয়া বিকল্প চিন্তা করছে বলে জানতে পেরে বাংলাদেশের সঙ্গে চুক্তি করেননি সেইন্টফিট। যদিও বিষয়টি অস্বীকার করেছেন সেইন্টফিট। 
 
তবে নিজের দেয়া একটি সাক্ষাৎকার সেইন্টফিটের বিষয়ে যথেষ্ট সন্দেহের সৃষ্টি করেছে। দক্ষিণ আফ্রিকার ক্রীড়াবিষয়ক ওয়েবসাইট সুপার স্পোর্টকে দেয়া স্বাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তিনি নাইজেরিয়ার দায়িত্ব নিতে মুখিয়ে আছেন। এমনকি নাইজেরিয়াকে রাশিয়া বিশ্বকাপে তুলতেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ওই ওয়েবসাইটে সেইন্টফিট স্পষ্টভাবে জানিয়েছেন, নাইজেরিয়া আমার প্রথম পছন্দ, এ জন্যই আমি বাংলাদেশে কাজ করতে চাচ্ছি না। বাংলাদেশের সঙ্গে চুক্তিটা আপাতত করছি না। আমি নাইজেরিয়াকে বিশ্বকাপে তুলতে চাই। শুধু তা-ই নয়, দলটাকে বিশ্বকাপের সেমিফাইনালে নিতে চাই। কারণ তাদের সেই সামর্থ্য রয়েছে। আমি নাইজেরিয়ায় থাকতে প্রস্তুত।