রিও অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন না ব্রাজিলের সদ্য বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট দিলমা রউসেফ। অনুষ্ঠানে কোন মধ্যবর্তী অবস্থান তিনি নিতে চান না বলে জানিয়েছেন দিলমা। রেডিও ফেঞ্চ ইন্টারন্যাশনালে দেওয়া এক সাক্ষাত্কারে একথা জানিয়েছেন তিনি।
দেশটির বর্তমান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মিশেল টেমারের মুখপাত্র জানিয়েছেন, খেলার সময় দিলমাকে বর্তমান প্রেসিডেন্টের পাশে নয় বরং একধাপ নীচে অবস্থান নিতে হবে। দিলমার পূর্বসূরি লুইস ইনাসিও লুলা ডি সিলভাও অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন। দুইজনই টেমারের নির্যাতনের শিকার বলে জানান সাবেক এ দুই প্রেসিডেন্ট।
বর্তমানে রউসেফের বিরুদ্ধে অভিশংসনের দাবি তোলা হয়েছে। এ অভিযোগ আদালতে বিচারাধীন রয়েছে। অন্যদিকে লুলাকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করা হলেও তিনি তা অস্বীকার করেছেন। বিবিসি