জামিনে মুক্ত যশোরের ‘জঙ্গি ’ মুন্না

যশোর পুলিশের ‘জঙ্গি’ কামরুজ্জামান তুহিন ওরফে মুন্না (২৪) জামিনে মুক্তি পেয়েছেন।
 
যশোরের এসপি আনিসুর রহমান নিজ নামে যে পাঁচজনকে জঙ্গি চিহ্নিত করে পোস্টার ছাপিয়ে ধরিয়ে দেয়ার আহ্বান জানান, মুন্না তাদের এক নম্বরে ছিলেন। বুধবার দুপুরে যশোরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বুলবুল ইসলাম তাকে জামিন দেন। মুন্নার পক্ষের আইনজীবী এমএ গফুর এর সত্যতা নিশ্চিত করেছেন। বুধবার সন্ধ্যা ৭টার পর যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুন্না মুক্তি পান। তিনি যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার আবদুস সোবহানের ছেলে।
 
দুদিন হেফাজতে রাখার পর মঙ্গলবার বিকেলে পুলিশ ১৫১ ধারায় তাকে আদালতে সোপর্দ করে। মুন্নার মুক্তির সময় জেলগেটে তার মা-বাবা, ভাই-বোন,  স্ত্রী ও শ্বশুরবাড়ির লোকজনসহ স্বজনরা উপস্থিত ছিলেন।
 
গত সোমবার ভোরে নববধূ নিয়ে বাড়ি ফিরে বেলা ১১টার দিকে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীকে নিয়ে কোতোয়ালি থানায় যান মুন্না। ২০১৪ সালের জুলাই মাসে মায়ের ওপর অভিমান করে মুন্না ঢাকায় চলে আসেন। ঢাকায় চলে আসার পর দুই বছর বাড়ির সঙ্গে যোগাযোগ রাখেননি।
 
মঙ্গলবার মুন্নাকে ১৫১ ধারায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়। বুধবার সকালে তার তদন্ত প্রতিবেদন আদালতে যায়। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে জামিন দেন।
 
আইনজীবী এমএ গফুর বলেছেন, মুন্নার বিরুদ্ধে জঙ্গি তৎপতার অভিযোগ প্রমাণিত না হওয়ায়  কোর্ট তাকে জামিনে মুক্তি দেন।
 
মুন্নার পিতা আব্দুস সোবহান বলেন, জামিন পেয়ে আমরা খুব খুশি। তার ছেলে জঙ্গি না। এটা বারবার বলা হয়েছিল। পুলিশ তার বিরুদ্ধে তদন্ত করে কোনো প্রমাণ পাইনি।