ফ্রান্সে যাজক হত্যাকারীর ভিডিও প্রকাশ করল আইএস

 
ফ্রান্সে যাজক হত্যায় অংশ নেয়া দুই ব্যক্তির ভিডিও প্রকাশ করেছে আইএস নামধারী জঙ্গি গোষ্ঠী। ভিডিও প্রকাশ করে তারা দাবি করেছে, এই দুই ব্যক্তি আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করে ফ্রান্সে হামলা চালিয়েছে।
 
বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, আইএসের মুখপত্র আমাকের প্রকাশ করা ওই ভিডিওতে দুজনকে আরবিতে কথা বলতে শোনা যায়। তারা আইএস নেতা আবু বকর আল-বাগদাদীর প্রতি আনুগত্য প্রকাশ করেন। একজনের হাতে আইএসের পতাকা খচিত একটি কাপড় দেখা যায়।
 
মঙ্গলবার ফ্রান্সের নরম্যান্ডির সেন্ট-এতিয়েন-দ্যু-হুভে শহরের একটি চার্চে 'মর্নিং ম্যাস' চলার সময়  ছুরি হাতে ঢুকে পড়েন দুই ব্যক্তি। ৮৪ বছর বয়সী এক যাজককে গলা কেটে হত্যার পাশাপাশি অন্য একজনকে উপর্যুপরি ছুরিকাঘাতে গুরুতর আহত করেন তারা। পরে পুলিশের গুলিতে দুই হামলাকারী নিহত হন।
 
ফরাসি কর্তৃপক্ষ তাদের একজনের পরিচয় প্রকাশ করেছে, ১৯ বছর বয়সী আদেল কিরমিচ আইএসে যোগ দিতে দুই দফায় সিরিয়া যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন।
 
বিবিসি বলছে, আমাক-এর পোস্ট করা ওই ভিডিওর সত্যতা এখনও নিশ্চিত করেনি ফরাসি পুলিশ। বিবিসি।