বাংলাদেশের বিজনেস প্রসেস আউটসোর্সিং বা বিপিও খাতে ২০২১ সালের মধ্যে প্রতিবছর দুই লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। সরকারের এ মেয়াদে ২০১৮ সালের মধ্যে আইসিটি খাতে রফতানি আয় এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে দুই দিনের ‘বিপিও সম্মেলন ২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে জয় এ কথা জানান। অনুষ্ঠানে তিনি বলেন, ‘অভ্যন্তরীণ বাজার শক্তিশালী করতে না পারলে বিশ্ব বাণিজ্যে ভালো করা যাবে না। আমাদের স্থানীয় বিপিও প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক বাজারে ব্র্যান্ডিং করতে হবে।’
স্থানীয় অভিজ্ঞতার আলোকে বিশ্ববাজারে নিজেদের সক্ষমতা তুলে ধরতে এবারের বিপিও সম্মেলনের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘স্থানীয় অভিজ্ঞতা, বৈশ্বিক ব্যবসা।’ বিপিও খাতে সরকারের সরাসরি সহযোগিতার কথা তুলে ধরে জয় বলেন, বাংলাদেশে এ খাতে প্রতিবছর প্রচুর কর্মী প্রয়োজন। এ জন্য আইসিটি বিভাগ ৪০ হাজার প্রযুক্তিবিদ তৈরির প্রকল্প হাতে নিয়েছে।