কুমিল্লায় ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার

কুমিল্লায় সাইফুল ইসলাম সাগর নামে এক ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
বৃহস্পতিবার নগরীর হাউজিং এস্টেট সংলগ্ন বারপাড়া এলাকার একটি বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় কুমিল্লা নার্সিং ইনস্টিটিউটে অধ্যয়নরত শারমিন আক্তার নামে এক ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সাইফুল ইসলাম পিরোজপুর জেলা সদরের দক্ষিণ টোনা গ্রামের আবুল কালামের ছেলে এবং আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ঢাকার বনানী শাখায় অফিসার পদে কর্মরত ছিলেন।
 
জানা গেছে, কুমিল্লা নার্সিং ইনস্টিটিটিউটের ছাত্রী নরসিংদীর বেলাবো থানার টানলক্ষ্মীপুর গ্রামের গোলাপ মিয়ার মেয়ে শারমিন আক্তার (২০) নগরীর হাউজিং এস্টেট সংলগ্ন বারপাড়া এলাকার জনৈক মোসলেহ উদ্দিনের ভাড়া নিয়ে ৬ মাস ধরে বসবাস করে আসছিল। সাইফুল ইসলাম সাগর (২৪) প্রেমের সূত্র ধরে শারমিনের বাসায় আসা-যাওয়া করতেন।
 
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চকবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সফিউদ্দিন ওই ছাত্রীর বাসা থেকে তার লাশ উদ্ধার করে ময়নতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন এবং শারমিনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান।
 
খবর পেয়ে নিহতের চাচা ও আল আরাফাহ্ ইসলামী ব্যাংক ঢাকার দিলকুশা শাখার কর্মকর্তা আবদুস সালাম কুমিল্লায় ছুটে আসেন। তিনি জানান, মৃত্যুর আগে সাইফুল তার বাবা আবুল কালামের কাছে ফোন করে জানিয়েছিল- আমি বিপদে আছি, চাচাকে (আবদুস সালাম) পাঠিয়ে আমাকে নিয়ে যান। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আবদুস সালাম কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করেন।