২০১৬-১৭ অর্থবছরের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তিন হাজার ১৮৩ কোটি ৬৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নগর ভবনের মেয়র হানিফ সম্মেলন কক্ষে মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এ বাজেট ঘোষণা করেন। এ অর্থবছরে নিজস্ব উত্স থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে এক হাজার ৩৯১ কোটি ২৭ লাখ টাকা। এরমধ্যে ট্যাক্স বাবদ বকেয়াসহ আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫শ’ কোটি টাকা। ২০১৫-১৬ অর্থবছর বাজেট ছিল দুই হাজার ৮৫ কোটি ৩৬ লাখ টাকা। গত বছরের সংশোধিত বাজেট ছিল এক হাজার ৫২ কোটি ৪৯ লাখ টাকা।
সাঈদ খোকন জানান, ২০১৬-১৭ অর্থবছরে নিজস্ব আয়ের অন্যতম খাত বাজার সেলামি। বাজার সেলামি বাবদ আয় ধরা হয়েছে ৬৫০ কোটি টাকা ও বাজার ভাড়া বাবদ ৩০ কোটি টাকা, ট্রেড লাইসেন্স বাবদ ৬৫ কোটি টাকা, রিকশার লাইসেন্স ফি বাবদ তিন কোটি ৬০ লাখ টাকা এবং সম্পত্তি হস্তান্তর বাবদ ৬৫ কোটি টাকা আয়ের পরিকল্পনা করা হয়েছে বলে তিনি জানান।
এছাড়া রাস্তা খনন ফি বাবদ ২৮ কোটি টাকা, অস্থায়ী পশুর হাট ইজারা বাবদ পাঁচ কোটি ৬০ লাখ টাকা, বাস-ট্রাক টার্মিনাল থেকে পাঁচ কোটি ৬০ লাখ টাকা, যন্ত্রপাতি ভাড়া বাবদ ১০ কোটি টাকা, শিশু পার্ক থেকে ছয় কোটি ৭০ লাখ টাকা, কমিউনিটি সেন্টার ভাড়া বাবদ ৩ কোটি টাকা এবং অস্থায়ী আমানতের সুদ বাবদ ৩ কোটি টাকা আয় হবে বলে মেয়র আশা প্রকাশ করেন।
মেয়র জানান, সরকারি অনুদান খাতে ১৮ কোটি, সরকারি বিশেষ অনুদান বাবদ ২শ’ কোটি টাকা এবং সরকারি ও বৈদেশিক সহায়তা প্রকল্প খাতে এক হাজার ৪৮৫ কোটি ৩২ লাখ টাকা সাহায্য হিসেবে পাওয়ার সম্ভাবনা রয়েছে।
২০১৬-১৭ অর্থবছরে বাজেটের ব্যয়ের খাতগুলো উল্লেখ করে সাঈদ খোকন বলেন, ব্যয়ের খাতগুলো হলো— বেতন ভাতা বাবদ ২৪০ কোটি টাকা, সড়ক ও ট্রাফিক অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন খাতে ৯৪৩ কোটি ৬৬ লাখ টাকা, ভৌত অবকাঠামো নির্মাণ/উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ বাবদ ৫৬০ কোটি ৬৯ লাখ টাকা, জ্বালানি, পানি, গ্যাস ও বিদ্যুত্ খাতে ৭৯ কোটি টাকা, মেরামত ও রক্ষণাবেক্ষণ খাতে ২৯ কোটি ৭৫ লাখ টাকা, মশক নিয়ন্ত্রণ কার্যক্রম বাবদ ১১ কোটি ৫০ লাখ টাকা, বিশেষ উন্নয়ন প্রকল্প খাতে ২০ কোটি টাকা, অপ্রত্যাশিত উন্নয়ন খাতে ব্যয়ের জন্য ২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।