বগুড়ায় সড়ক দুর্ঘটনা, ২ সেনা সদস্যসহ নিহত ৩

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুজন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। বৃহস্পতিবার রাতে শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় বগুড়া-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয় অন্তত ১২ জন।
 
পুলিশ জানায়, বগুড়া থেকে সিলেটের উদ্দেশে ছেড়ে যাওয়া মামুন পরিবহনের যাত্রীবাহী বাসটি রাত ৯টার দিকে শেরপুর উপজেলার গাড়িদহে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাসের সুপারভাইজার। আহতদের ভর্তি করা হয় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। পুলিশ জানিয়েছে, হাসপাতালে নিহত দুজন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। তবে তারা কোনো ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।
 

বগুড়ার জৈষ্ঠ্য সহকারি পুলিশ সুপার (সিনিয়র এএসপি,বি-সার্কেল)  গাজিউর রহমান  দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, কোচটির সুপারভাইজার ঘটনাস্থলে এবং আহতদের হাসপাতালে নেয়ার পর  ২ জন মৃত্যুবরণ করে।