দেশ চলছে ভারত-বাংলাদেশের গোয়েন্দাদের যৌথ প্রযোজনায়: গয়েশ্বর রায়

 
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশ চলছে ভারত-বাংলাদেশের গোয়েন্দাদের যৌথ প্রযোজনায়। বর্তমান সরকারের সব আয়োজনই প্রতিবেশি রাষ্ট্রের ভুড়িভোজের জন্য। বর্তমান সরকারের কোনো কর্মকাণ্ডই জনগণ বিশ্বাস করে না। কারণ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, ভিনদেশিদের দ্বারা নির্বাচিত। কখন না ভারত দাবি করে বসে বাংলাদেশের মালিক তোমরা না, আমরা।
 
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক যুব সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে স্বাধীনতা ফোরাম কেন্দ্রীয় সংসদ। ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মাদ রহমতউল্লাহর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, খায়রুল কবির খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য খালেদা ইয়াসমিন, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমখ।
 
গয়েশ্বর রায় বলেন, যারা জঙ্গি তাদের নির্দিষ্ট লক্ষ্য-উদ্দেশ্য থাকে। কিন্তু দেশে যাদের জঙ্গি বলে মারা হচ্ছে তাদের কোনো লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে আমরা জানতে পারছি না। তারা কী কায়েম করতে চায়, খেলাফত প্রতিষ্ঠা করতে চায়, নাকি রেস্টুরেন্ট বা এখানে-সেখানে হামলা করা তাদের কাজ, তা জানতে পারলাম না। অথচ বলা হচ্ছে তারা জঙ্গি।