জনগণের সম্পৃক্ততায় জঙ্গিবাদ দমন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বে মডেল হিসেবে নিজের স্থান করে নিয়েছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। জেলার কাহারোল উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় শুক্রবার তিনি এ মন্তব্য করেন।
এদিন উপজেলা জাতীয় পার্টির সভাপতি বাবুল সরকার, বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুবদলের নজরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি নেতাদের নেতৃত্বে সহস্রাধিক নেতা-কর্মী আওয়ামী লীগের যোগ দেন।
খালিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র-শিক্ষক, অভিবাবক, মসজিদের ইমাম, সরকারি চাকুরে সবাইকে এক কাতারে এনে সারাদেশে জঙ্গিবাদবিরোধী জনসচেতনতা গড়ে তুলেছেন। সারাদেশে আজ জঙ্গিবাদবিরোধী ঐক্য গড়ে উঠেছে। জঙ্গিদের প্রতি অভিবাবক, সমাজ ও রাষ্ট্রের ঘৃণা। এ সচেতনতা সৃষ্টি করার কৃতিত্ব আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার। জঙ্গি দমনে তার এ পদ্ধতি আজ বিশ্বে সমাদৃত।
আওয়ামী লীগের এ নেতা বলেন, প্রধানমন্ত্রী সারাদেশের মাঠ প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। শেখ হাসিনার নির্দেশে শিক্ষামন্ত্রী সারাদেশের শিক্ষকদের সঙ্গে কথা বলছেন। ধর্মমন্ত্রী আলেম-ওলামাদের সঙ্গে কথা বলেছেন। বিশ্বে একমাত্র বাংলাদেশে এভাবে জঙ্গি দমন সম্ভব হচ্ছে। এর কৃতিত্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
খালিদ মাহমুদ বলেন, যারা একসময় যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক মানদণ্ডের কথা বলত, তারা আজকে জীবিত জঙ্গি চায়। জঙ্গিদের নিধন করায় আজকে তাদের গায়ে জ্বালা ধরেছে। দেশের মানুষ তাদেরকে আজকে চিহ্নিত করতে পেরেছে। সব জঙ্গিদের জননী খালেদা জিয়া। আর জঙ্গি উৎপাদনের খামার হচ্ছে বিএনপি। আওয়ামী লীগে নতুন যোগ দেওয়া নেতা-কর্মীদের অভিনন্দন জানান তিনি।
স্থানীয় এমপি মনোরঞ্জনশীল গোপালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক আজিজুল ইমাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মাইকেল।