রাজধানীর কামরাঙ্গীরচরের আলীনগর এলাকায় তৈরি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে।
এর আগে চারজনের মৃত্যু হয়। এ নিয়ে দগ্ধ ছয় শ্রমিকের মধ্যে পাঁচজন মারা যান। এ ঘটনায় আশিক নামের আরেক শ্রমিক চিকিৎসাধীন আছেন।
আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সকালে মনির হোসেন (২০) মারা যান।
হাসপাতালের চিকিৎসকরা জানান, তার শরীরের ৪৮ শতাংশ অগ্নিদগ্ধ হয়েছিল।
গত ২৩ জুলাই ভোরে কামরাঙ্গীরচরের আলিনগরে দুটি সেমিপাকা ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই দুইটি ঘরে বাচ্চাদের পোশাক তৈরি করা হতো। ওই কারখানার ভেতরেই শ্রমিকরা ঘুমাতেন। অগ্নিকাণ্ডের পর দগ্ধ শ্রমিকদের মধ্যে ২৪ জুলাই নাজমুল ও শাকিল মারা যান। পরদিন সুমন ও সজিব হাসান নামের আরো দুই শ্রমিকের মৃত্যু হয়।