সাতক্ষীরায় জঙ্গিবাদ-সন্ত্রাস বিরোধী মানববন্ধন

সাতক্ষীরায় জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী র‌্যালি ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার দুপুরে সাতক্ষীরা শহরের শহিদ আলাউদ্দিন চত্বরে জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী নাগরিক জোট এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। 
 
মানববন্ধন কর্মসূচি পালনকালে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রমিক নেতা হারুন-উর-রশীদ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, জেলা হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ সাধু, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জ্যোৎস্না দত্ত প্রমুখ। 
 
দেশব্যাপী জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে ওঠায় গভীর উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, সারাদেশের মানুষ আজ আতংকে দিন কাটাচ্ছে। জঙ্গিবাদ নির্মূলে পরিবার থেকে আন্দোলন গড়ে তুলতে হবে। পারিবারিকভাবে সচেতনতা সৃষ্টি করতে না পারলে জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হবে না। বক্তারা এ সময় সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান। 
 
এর আগে জঙ্গি বিরোধী একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ স ম আলাউদ্দিন চত্বরে গিয়ে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়।