'খালেদা জিয়া মদদ না দিলে দেশে জঙ্গিবাদের উত্থান হতো না'

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, 'দেশে জঙ্গিবাদের উত্থানের জন্য বিএনপি- জামায়াত দায়ী। খালেদা জিয়া মদদ না দিলে দেশে জঙ্গিবাদের উত্থান হতো না।'
 
শনিবার মাগুরা সদর হাসপাতাল চত্বরে কমিউনিটি ক্লিনিক ব্র্যান্ডিয়ের অ্যাকটিভেশন ক্যাম্পেইন লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাগুরার সিভিল সার্জন এফবিএম আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা এবং ব্র্যান্ডিং অফ কমিউনিটি ক্লিনিক অ্যাকটিভিটিজের টিম লিডার অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক, ক্রিয়েটিভ লিমিটেডের চেয়ারম্যান সৈয়দ বোরহান কবীর, প্রধান মন্ত্রীর সহকারী একান্ত সচিব এডভোকেট সাইফুজ্জামান শিখর প্রমুখ বক্তব্য রাখেন।
 
মোহাম্মদ নাসিম বলেন, 'বিএনপি-জামায়াত জনগণের প্রাণ নেয়। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জীবন বাঁচায়। জঙ্গিদের রক্তাক্ত আঘাত আমরা দেখেছি। সেই জঙ্গিবাদ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসী পদক্ষেপ নিয়েছেন।'
 
তিনি বলেন, 'শোলাকিয়ায় ঈদের জামায়াতে জঙ্গিরা হামলা করতে গিয়েছিল। পুলিশ তাদের দমন করে হাজার হাজার মুসল্লির জীবন বাঁচিয়েছে। আইএসের নাম নিয়ে যারা গুলশানে হামলা করেছিল ও কল্যাণপুরে যে জঙ্গিরা অবস্থান করছিল তাদেরকে অতি অল্প সময়ের মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জীবন দিয়ে জঙ্গিদের দমন করতে সক্ষম হয়েছে। যা বিশ্বের অনেক দেশই এখনো পারে নি।'
 
তিনি বলেন, 'সন্ত্রাস নয়, জঙ্গিবাদ নয়, কমিউনিটি ক্লিনিক হবে আমাদের ব্র্যান্ডিং। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে যে স্বপ্ন দেখেছিলেন। তার সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে দেশে কমিউনিটি ক্লিনিক স্থাপন করেন। কিন্তু বিগত বিএনপি সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে কমিউনিটি ক্লিনিক গুলো বন্ধ করে দিয়ে গরুর গোয়ালে পরিণত করেছিল। বর্তমান আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এসে সে গুলো চালু করে জনবল নিয়োগ দিয়ে ৩২ প্রকার ওষুধ বিনা মূল্যে দিয়ে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছে।'
 
তিনি বলেন, 'ইতিমধ্যে কমিউনিটি ক্লিনিক সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। বিশ্বের অনেক রাষ্ট্র এ সেবাকে মডেল হিসেবে গ্রহণ করেছে।'