নতুন মৌসুম শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছে ইউরোপের ফুটবল জায়ান্টরা। প্রস্তুতির অংশ হিসেবেই শনিবার রাতে মাঠে নামছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ।
ডাবলিনের অ্যাভিভা স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ রাত ১১টা ৫ মিনিটে বার্সা মাঠে নামবে। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে গত মৌসুমের লা লিগা জয়ী লিওনেল মেসির বার্সা মাঠে নামবে স্কটিশ জায়ান্ট সেল্টিকের বিপক্ষে।
আর গত মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী রিয়াল নামবে ইংলিশ জায়ান্ট চেলসির বিপক্ষে। ম্যাচ শুরু হবে দিবাগত রাত ১টা ৫ মিনিটে। এছাড়া, রাত ৩টা ৫ মিনিটে ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের বিপক্ষে খেলবে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ।
মেসি থাকলেও বার্সাকে নামতে হবে বেশ কিছু তারকা ফুটবলারদের ছাড়াই। সঙ্গে থাকছেন উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। নেইমার রয়েছেন নিজ দেশের হয়ে অলিম্পিকের আসরে নামার অপেক্ষায়।
বার্সার জার্সিতে দেখা যেতে পারে দলে নতুন আসা উমতিতি, ডিগনে, গোমেজদের। সঙ্গে থাকছেন ইউরো মিশন শেষে যোগ দেয়া জরডি আলবা, সার্জিও বুসকেটস, আন্দ্রেস ইনিয়েস্তা, জেরার্ড পিকে, ইভান রেকিটিক, থমাস ভারমায়েলন আর মার্ক স্টেগেন। অলিম্পিকের আসরে নেইমারের সঙ্গে খেলার জন্য বার্সা পাচ্ছে না রাফিনহাকে।
অন্যদিকে মিশিগান স্টেডিয়ামে চেলসির বিপক্ষে রিয়ালও কিছু তারকা খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামছে রিয়াল। ইনজুরির কারণে দলে নেই পর্তুগিজ তারকা রোনালদো ও ফরাসি তারকা করিম বেনজেমাকে।