রাজধানীতে ব্যাচেলরদের বাসা ভাড়া দেয়া বা না দেয়ার বিষয়ে বাড়ির মালিকদের কোনো নির্দেশনা দেয়নি বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান। শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রাজধানীর কল্যাণপুরে পুলিশের অভিযানে বড়সড় জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার পর বাড়ি ভাড়া নিয়ে ব্যাচেলর ও বাড়িওয়ালা দু’পক্ষই এক রকমের সঙ্কটে আছেন। বাড়িওয়ালারা মনে করছেন, ব্যাচেলরদের ভাড়া দিলে সমস্যা হতে পারে। আবার অনেক বাড়িওয়ালা ব্যাচেলর ভাড়াটেদের বাসা ছাড়ার নোটিশ দিয়েছেন।
এ ব্যাপারে উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, ব্যাচেলরদের বাড়ি ছাড়া করতে তাদের পক্ষ থেকে কোনো নির্দেশনা দেয়া হয়নি। তারা শুধু বলেছেন, বিবাহিত বা ব্যাচেলর যাকেই বাসা ভাড়া দেয়া হবে, তার তথ্য রাখতে হবে। এ ছাড়া আর কোনো নির্দেশনা নেই।
তিনি বলেন, কে ব্যাচেলর কে বিবাহিত সেটা বড় কথা নয়, ভাড়াটিয়া ভাড়াটিয়াই। ভাড়াটিয়াদের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহে রাখাটাই হল মূল বিষয়। ব্যাচেলরদের বাসা থেকে নামিয়ে দিতে বা বাড়ি ছাড়ার নোটিশ দিতে কোনোরকম নির্দেশনা দেয়া হয়নি। বাড়ির মালিক কাকে ভাড়া দেবেন নাকি দেবেন না, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা শুধু সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই।
উপ-কমিশনার মাসুদুর রহমান আরও বলেন, যারা বাসা ভাড়া দিবেন, তারা যেন অবশ্যই ভাড়াটিয়াদের তথ্য রাখে এবং ১৮ বছরের নিচে ভাড়াটিয়াদের চেয়ারম্যান সার্টিফিকেট থানায় জমা দেয়।