বুরুন্ডিতে পুলিশ মোতায়েনে একমত জাতিসংঘ

সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘন থামাতে বুরুন্ডিতে পুলিশ বাহিনী মোতায়েনে সম্মত হয়েছে জাতিসংঘ।
 
ফরাসি প্রস্তাব অনুযায়ী এ বছরের শুরুতে দেশটিতে ২২৮ জন পুলিশ সদস্যকে পাঠানোর পরিকল্পনার কথা জানায় নিরাপত্তা পরিষদ। তবে এর আগেই বুরুন্ডি সরকার ৫০ জনের বেশি পুলিশকে দেশে প্রবেশে অনুমতি না দেওয়ার কথা সাফ জানিয়ে দেয়।
 
গত এপ্রিলে প্রেসিডেন্ট পিয়েরে নকুরুনজিজা তৃতীয় দফায় ক্ষমতা গ্রহণ করেন। এসময় দেশটিতে সহিংসতায় ৪শর বেশি মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। ২ লাখের বেশি লোকজন ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়।
 
ক্রমবর্ধমান সহিংসতা ও উত্তেজনা বেড়ে যাওয়ায় নিরাপত্তা পরিষদের উচিত এ অঞ্চলে নজর দেওয়া এবং বুরুন্ডিতে আর যেন নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি না হয় সেটি নিশ্চিত করা, বলেন জাতিসংঘে ফ্রেঞ্চ রাষ্ট্রদূত ফ্রাসোয়া দেলাত্রে। -বিবিসি