'সাম্প্রদায়িকতার বিষবাষ্প দেশকে অন্ধকারে ঠেলে দিতে চায়'

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, 'ধর্মান্ধ, উগ্রবাদী গোষ্ঠী জঙ্গিবাদের আন্তর্জাতিকীকরণের মাধ্যমে মুক্তবুদ্ধি ও মুক্ত জ্ঞানচর্চার বিকাশ রুদ্ধ করতে এবং সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিতে চায়।'
 
তিনি বলেন, 'এদের অশুভ তৎপরতাসহ যেকোন ষড়যন্ত্র, চক্রান্ত নস্যাৎ করে দিয়ে স্বাধীনতা গণতন্ত্র এবং উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।' মন্ত্রী শনিবার বাংলা একাডেমির কবি শামসুর রাহমান মিলনায়তনে বাংলাদেশ গণশিল্পী সংস্থার ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী ও জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন।
 
তিনি বলেন, 'উগ্রবাদীরা বিভাজনের মাধ্যমে সামাজিক সাম্য ধ্বংস করতে চাইছে, মানুষের মূল্যবোধ ও মানবিক অনুভূতিকে গলা টিপে ধরেছে, রক্তাক্ত সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত বাঙালির অর্জনগুলোকে শেষ করে দিতে চাইছে। এর বিরুদ্ধে আর একটি মুক্তিসংগ্রামে সবাইকে শামিল হতে হবে।'
 
খ ম সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, খায়রুল আলম সবুজ, অধ্যাপক মলয় ভৌমিক, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী সুজেয় শ্যাম এবং লেখক ও গবেষক রেজা শামসুর রহমান।
 
রাজধানীর পল্টন গার্লস কলেজে অপর এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাশেদ খান মেনন জঙ্গিবাদ ও মাদকাসক্তির বিরুদ্ধে তরুণদের সচেতন থাকার আহবান জানান। ওই অনুষ্ঠানে তিনি বলেন, 'জঙ্গিবাদ ও মাদকাসক্তির বিরুদ্ধে তরুণদের সচেতন থাকতে হবে। মাদকাশক্তি তরুণের মেধা, সৃজনী শক্তি ও অনুভূতি নিঃশেষ করে দেয়। জঙ্গিবাদও তরুণকে বিপথগামী করে, তারুণ্যকে নির্মমতা ও নৃসংতার দিকে ঠেলে দেয়।'
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি আলহাজ ইসরাফিল এবং কলেজের প্রিন্সিপাল ড. মর্তুজা আলী মণ্ডল। খবর- বাসস।