বিএসএমএমইউ'তে বহির্বিভাগে সেবা নিয়েছেন ১১ লাখ রোগী

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ২০১৫ সালে সেবা নিয়েছেন ১১ লাখ ৬০ হাজার রোগী। বৈকালিক স্পেশালাইজড আউটডোরে সেবা নিয়েছেন ১ লাখ ৪০ হাজার ৫১৭ জন রোগী।
 
শনিবার দুপুরে ডা. মিল্টন হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বার্ষিক প্রতিবেদন ২০১৫-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
 
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. এ এস এম জাকারিয়া স্বপন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, রেজিস্টার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নানসহ কর্মকর্তাবৃন্দ।
 
প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান অত্র বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা, চিকিৎসাশিক্ষা, গবেষণা, প্রশাসনিক, উন্নয়নমূলক, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ভবিষ্যত পরিকল্পনাসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন।
 
উপাচার্য বলেন, রোগীদের সুবিধার্থে সাধারণ জরুরি বিভাগ চালু করার কার্যক্রম অনেক দূর এগিয়ে গেছে। রোগীরা যাতে একই স্থান থেকে পরীক্ষা-নিরীক্ষার সুবিধা পায় সেজন্য বিশেষ প্যাকেজ চালু করা হবে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম জোরদার ও সম্প্রসারণ করতে বর্তমান প্রশাসন বিভিন্ন উদ্যোগ গ্রহণ করাসহ নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
 
তিনি আরো বলেন, 'বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন এ বিশ্ববিদ্যালয়কে চিকিৎসাসেবা, শিক্ষা ও গবেষণায় বিশ্বমানে উন্নীত করতে দৃঢ় প্রতিজ্ঞ।'