জঙ্গি-সন্ত্রাসী হামলার আতঙ্ক কাটিয়ে রাজধানীসহ স্বরূপে ফিরতে শুরু করেছে সাংস্কৃতিক অঙ্গন। উদ্বেগ-উত্কণ্ঠা কাটিয়ে উত্সবপ্রিয় মানুষের অংশগ্রহণে প্রাণচঞ্চল হয়ে উঠছে প্রতিদিনের অনুষ্ঠান। শিল্পকলা একাডেমি থেকে শুরু করে বাংলা একাডেমিসহ রাজধানীর বিভিন্ন মঞ্চে প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে নানা অনুষ্ঠান। সেখানে ভয় উপেক্ষা করে আসছেন দর্শক-শ্রোতা। ভরিয়ে তুলছেন মিলনায়তন। গতকালও শিল্পকলা একাডেমি, পাবলিক লাইব্রেরি, বাংলা একাডেমিতে ছিল অনুষ্ঠান।
প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘গণশিল্পী সংস্থা’র
উত্সব আয়োজন
‘শিল্প সংস্কৃতি সংগ্রাম আমাদের যুদ্ধ অবিরাম’ এই স্লোগান নিয়ে গতকাল শনিবার দিনব্যাপী বাংলা একাডেমির শামসুর রাহমান মিলনায়তনে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ গণশিল্পী সংস্থা’র ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে সংগঠনটি আয়োজন করে জাতীয় সম্মেলন, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শ্রাবণের সকালে সংগঠনটির এ দিনব্যাপী আয়োজনের উদ্বোধন করেন প্রধান অতিথি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথি ছিলেন নাট্যকার মামুনুর রশীদ, শিল্পী ও সুরকার সুজেয় শ্যাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, নাট্যকার খায়রুল আলম সবুজ, নাট্যকার অধ্যাপক মলয় ভৌমিক এবং রেজা শাসসুর রহমান। সভাপতিত্ব করেন আব্দুস সালাম। রাশেদ খান মেনন ‘ধর্মকে বর্ম করে সাধারণ মানুষের বিরুদ্ধে লড়াই না করার জন্য উগ্রপন্থিদের আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতেই ছিল সেমিনার পর্ব। এ পর্বের শুরুতে রাষ্ট্রীয় সংকট নিরসনে সাংস্কৃতিক আন্দোলন শীর্ষক নিবন্ধ পাঠ করেন মিনা মিজানুর রহমান। আলোচনা করেন অতিথিরা। এরপর নতুন কমিটি গঠনের লক্ষ্যে জাতীয় সম্মেলন হয়। ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠিত হয়। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন শিল্পী ও সুরকার সুজেয় শ্যাম এবং সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান। দিনব্যাপী এই আয়োজনের সবশেষে সারাদেশ থেকে আসা শিল্পীদের পরিবেশনায় হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
পাবলিক লাইব্রেরিতে ‘মহীয়সী রোকেয়া’
নারী জগরণের অন্যতম পথিকৃত্ বেগম রোকেয়াকে নিয়ে নারী শিল্পীদের পরিবেশনায় মঞ্চস্থ হলো মহীয়সী নারী শীর্ষক আবৃত্তি অনুষ্ঠান। ১৩ জন নারী শিল্পীর অংশগ্রহণে এই আবৃত্তি প্রযোজনায় উঠে এসেছে বেগম রোকেয়ার বর্ণাঢ্য জীবন ও সংগ্রামের কথা। গতকাল শনিবার শাহবাগে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে আবৃত্তি সংগঠন কণ্ঠশীলনের একাংশ। নির্দেশনা দিয়েছেন গোলাম সারোয়ার। বেগম রোকেয়ার জীবন ও কর্ম অবলম্বনে এ ধরনের প্রযোজনা ভাবনা ঢাকার মঞ্চে নতুন। রোকেয়ার বিভিন্ন গ্রন্থ যেমন অবরোধবাসিনী, মতিচুর, সুলতানার স্বপ্ন, চিঠি-পত্র ও পদ্মরাগ উপন্যাসের কিছু কিছু বিষয়ও স্থান পেয়েছে এ প্রযোজনায়। অনুষ্ঠানের শুরুতে বেগম রোকেয়ার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম ও অধ্যাপক মাজেদা সাবের।
উন্মোচন থিয়েটারের ‘গতিময় জীবন’
নাটকের দল উন্মোচন থিয়েটার মঞ্চায়ন করেছেন ট্র্যাজেডি নাটক ‘গতিময় জীবন’। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় এই নাটকটি। মোরশেদ ফারুকের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন আবু বকর সিদ্দিক। অভিনয় করেছেন : মোরশেদ ফারুক, সানিজদা জাহান রোজী, আয়েশা আক্তার মুনিয়া, আব্দুর রাজ্জাক, নুরুল ইসলাম, রিপন, আবু বকর প্রমুখ।
শিল্পকলা একাডেমিতে ‘বর্ষামঙ্গল’
শিল্পকলা একাডেমির উদ্যোগে সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে শুক্রবার সন্ধ্যায় একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ‘বর্ষামঙ্গল’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশন করে রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, বাংলাদেশ শিল্পকলা একাডেমি রেপার্টরি সংগীত দল, ঢাকা সাংস্কৃতিক দল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। সমবেত নৃত্য পরিবেশন করে এম.আর ওয়াসেকের পরিচালনায় নন্দনকলা কেন্দ্র এবং ওয়ার্দা রিহাব এর পরিচালনায় ধৃতি নর্তণালয়, একক সংগীত পরিবেশন করেন শিল্পী ইয়াসমিন মুশতারী, স্বাতী সরকার, আব্দুস সাত্তার পিনু, মহিউজ্জামান চৌধুরী, মফিজুর রহমান, ফকির সুমন, সালমা আকবর, অনিমা রায় এবং মাহমুদুল হাসান। আবৃত্তি করেন কৃষ্টি হেফাজ, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, শিমুল মোস্তফা এবং আবৃত্তি ও উপস্থাপনায় ডালিয়া আহমেদ।