কাঁচামাল সামগ্রীর মূল্য বৃদ্ধির প্রতিবাদে খুলনায় বেকারি মালিকদের ডাকা ধর্মঘট দ্বিতীয় দিন চলছে। তিন দিনের ডাকা এ কর্মসূচির দ্বিতীয় আজ রবিবার। এ দিন সব কারখানা বন্ধ রেখে ধর্মঘট পালন করছেন মালিকরা। এতে উৎপাদন ও বাজারজাত বন্ধ হয়ে গেছে।
গত ২৬ জুলাই খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে খুলনা জেলা বেকারি মালিক সমিতি তিন দিনের এ ধর্মঘটের ডাক দেয়।
সমিতির সভাপতি মো. শামসুল আলম বলেন, আমাদের কিছুই করার ছিলো না। বাধ্য হয়েই এ ধর্মঘট পালন করতে হচ্ছে।
বর্তমান সময়ে লাগামহীনভাবে চিনি, তেল, ময়দা ও ফুডগ্রেড ফ্লেভারের মূল্য বেড়েছে। একইসঙ্গে শ্রমিক-কর্মচারীদের বেতন এবং সিটি করপোরেশনের লাইসেন্স ফিসহ অন্যান্য ফিও বেড়েছে বলে তিনি দাবি করেন।
সমিতির সভাপতি অভিযোগ করেন, খুলনা জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতও মালিকদের অহেতুক হয়রানি করছে। যে কারণে জেলা ও মহানগরীর শতাধিক বেকারি মালিক লোকসানের মুখে পড়েছে।