হিলারির ক্যাম্পেইনের আরো নথি আছে : অ্যাসাঞ্জ

 
শনিবার হ্যাক করা হয়েছিল ডেমোক্রেটদের একটি প্রচার ব্যবস্থার ডাটা ব্যাংকসহ হিলারি ক্লিনটনের ভোটারদের তথ্য বিশ্লেষণের একটি অংশ। ডেমোক্রেট পার্টির তরফ থেকে বলা হচ্ছিল ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানাতে রাশিয়ান হ্যাকাররা এই কাজ করছে। কিন্তু সম্প্রতি সিএনএন -কে দেয়া এক ভিডিও সাক্ষাৎকারে জুলিয়ান অ্যাসাঞ্জ জানিয়েছেন, হিলারির ক্যাম্পেইন নিয়ে তার কাছে বেশকিছু গোপন নথি রয়েছে।
 
ক্লিনটনের ক্যাম্পেইন ও ডেমোক্রেট কনভেনশনের ওয়েব সাইট হ্যাক করে তথ্য চুরি করা হয়েছে এমন দাবির প্রেক্ষিতে এখনও গবেষণা চালিয়ে যাচ্ছে এফবিআই। তবে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যাসাঞ্জের কাছে কি পরিমাণে তথ্য আছে বা কোথা থেকে হ্যাক করা হয়েছি বিষয়টি তদন্ত সাপেক্ষে জানানো হবে।
 
অ্যাসাঞ্জ সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে বলেন, 'আমাদের কাছে বেশ কিছু তথ্য রয়েছে। কিন্তু আমরা তা সম্পূর্ণ প্রকাশ করিনি।' তিনি বলেন, 'আমরা জানতাম এই নির্বাচনকে ঘিরে মানুষের আগ্রহ আছে। কিন্তু আমাদেরও দায়িত্ববোধ রয়েছে। সে কারণেই কনভেনশনের আগে সামান্য কিছু তথ্য আমরা প্রকাশ করেছি। এখনও আমাদের কাছে আরো অনেক তথ্য রয়েছে।'
 
এ সময় সিএনএন 'অ্যান্ডারসন ৩৬০' এর উপস্থাপক জানতে চান, হিলারির প্রতি ব্যক্তিগত আক্রোশ থেকে উইকিলিকসে বিষয়গুলো শেয়ার করছে কিনা অ্যাসাঞ্জ?
 
এর উত্তরে অ্যাসাঞ্জ বলেন, আপনি যে কোন কিছু ভাবতে পারেন। তবে জুন মাসে আমার দেয়া সাক্ষাৎকার পর্যবেক্ষণ করে কোথাও পাবেন না, হিলারিকে আঘাত করার কথা বলেছি আমি। কিন্তু যে আমার সাক্ষাৎকার নিয়েছে, সে এমনটা ব্যাখ্যা করেছে। এখন পর্যন্ত হিলারিকে আঘাত করার কোন ইচ্ছা আমার নেই।
 
উল্লেখ্য, জুন মাসে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে জুলিয়ান অ্যাসাঞ্জ বলেছিলেন, হিলারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হলে দেশটির গণমাধ্যমের স্বাধীনতা আরো হ্রাস পেতে পারে। সিএনএন।